এথেন্স, গ্রিস: বিশ্বের ২৭টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রিসের রাজধানী এথেন্সের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন ‘বাংলা ইউরো ভিশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৬’। সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা ও মানবতার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজনে মোট ৫০টি সম্মাননা প্রদান করা হয়।
আন্তর্জাতিক এ মঞ্চে ‘সেরা সফল সাংবাদিক অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন যমুনা টিভির গ্রিস প্রতিনিধি ও মাইগ্রেশন বাংলার সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম। একই সম্মাননায় ভূষিত হয়েছেন ইতালি থেকে জিটিভির প্রতিনিধি কাওসার খলিল সোহেল এবং বাংলাদেশ থেকে এটিএন নিউজের সাংবাদিক প্রশান্ত কুমার। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই তিন গণমাধ্যমকর্মীর হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউরোপের ২৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই মিলনমেলায় সমাজ উন্নয়ন, মানবতা, শিক্ষা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য ও কৃতিত্বের স্বাক্ষর রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের বাড়ি ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা গ্রামে। তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন পুরা ডি.সি. উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে হরগঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে জীবিকার তাগিদে গ্রিসে পাড়ি জমান। সেখানে সাংবাদিকতার পাশাপাশি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
প্রবাসের মাটিতে সাংবাদিকতা একটি কঠিন ও দায়িত্বপূর্ণ পথ। বাংলা ভাষা, ইতিহাস ও ঐতিহ্যকে বহির্বিশ্বে তুলে ধরা, প্রবাসীদের সুখ-দুঃখ, সংগ্রাম ও সাফল্যের গল্প বিশ্বদরবারে পৌঁছে দেওয়া এবং নিপীড়িত ও অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো—এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন কামরুজ্জামান ভূঁইয়া ডালিম। বিশেষ করে ইউরোপ ও গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা, অধিকার, অর্জন ও সফলতার গল্প তুলে ধরার মাধ্যমে তিনি প্রবাসীদের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় উপস্থিতি প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
আয়োজকরা জানান, বিশ্বজুড়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ ও বিকশিত করার লক্ষ্যেই এই আন্তর্জাতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংবাদিকদের এমন স্বীকৃতি দেশের গণমাধ্যমের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রিস, ইতালি ও বাংলাদেশের এই তিন সাংবাদিকের সাফল্য বিশ্বমঞ্চে বাংলা সাংবাদিকতার মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে আরও উজ্জ্বল করেছে। বিশেষ করে কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের এ অর্জন প্রবাসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।