নারায়ণগঞ্জের বন্দরে আদালতের জারি করা ১৪৫ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ ও দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় বসতবাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. রোমান (৩৮)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দমণ্ডলী মৌজায় মো. রোমানের পৈতৃক ও খরিদকৃত জমি নিয়ে মতিউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে আদালত ১৪৫ ধারা জারি করলে রোমান নির্মাণকাজ বন্ধ রাখেন। জমি-সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোমানের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে মতিউর রহমানসহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ধারালো রামদা, চাপাতি ও কাঠের ফালি নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে গালিগালাজ করে কাঠের ফালি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট বোন তাজিন (২৫)-কে চুলের মুঠি ধরে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ সময় তাকে জবাই করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অভিযোগকারী আশঙ্কা করছেন, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। জমি নিয়ে আদালতের ১৪৫ ধারা জারি থাকায় সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের পরিবর্তন বা নির্মাণকাজ না করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।
তবে অভিযোগে ওঠা হামলা, মারধর, শ্লীলতাহানি ও জমি দখলের চেষ্টার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।