1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা দল নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন জার্মান ফুটবল কিংবদন্তি রুডি ফেলার। জার্মান কোচ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কোচ কনফারেন্সে জার্মান জাতীয় দলের কোথায় উন্নতি প্রয়োজন, সে সম্পর্কে কড়া সুর চড়ান রুডি ফেলার। সেখানেই বিশ্বকাপ রানার্সআপ আর্জেন্টিনার প্রতি তীব্র সমালোচনা উগড়ে দেন তিনি।

রুডি ফেলার বর্তমানে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। মাইনৎসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মান ফুটবলের কীভাবে পরিবর্তন আনা উচিত।

এই প্রসঙ্গে ফেলার জোর দিয়ে বলেন যে, রক্ষণভাগের উন্নতি সবচেয়ে বেশি প্রয়োজন। সেখানেই আসে আর্জেন্টিনার প্রসঙ্গ। এই বিশ্বকাপে অনেকেই যে আর্জেন্টিনাকে ভালো রক্ষণের উদাহরণ হিসেবে টেনেছিলেন, সেটিকে পুরোপুরি ‘অবোধ্য ও হাস্যকর’ বলে সমালোচনা করেন তিনি।

ফেলার বলেন, ‘আমি বলেছিলাম জার্মানির আরও ভালো ডিফেন্ড করা দরকার। কিন্তু অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে টেনেছেন। আমার মনে হয়েছে সেটা খুব বাজে একটা উদাহরণ ছিল। রাতারাতি আর্জেন্টিনাই যেন সবকিছুর মাপকাঠি হয়ে গেল! এই ধরনের আলোচনাগুলো আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়েছে।’

তার পরের অংশে আর্জেন্টিনাকে শক্ত আক্রমণ করেন রুডি ফেলার। বলেন, ‘আমি কখনই এমন কোনো দল চাই না যারা আর্জেন্টিনার মতো খেলে। ওটাকে তো ফুটবলই বলা যায় না!’

জার্মান ফুটবলের অন্য ব্যক্তিত্বরাও ফেলারের এই সুরের সঙ্গে একমত পোষণ করেছেন। জনপ্রিয় জার্মান মাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, পুরো জার্মানি থেকে আগত বিখ্যাত কোচ এবং ফুটবল কর্মকর্তাদের পূর্ণ মিলনায়তনে ফেলার যখন এই মন্তব্য করছিলেন, তখন পুরো হলজুড়ে হাততালির ঝড় ওঠে।

ফেলার আর্জেন্টিনার অর্জিত ফলাফলকে মেনে নিলেও স্পষ্ট করে জানান যে, তাদের আক্রমণাত্মক এবং কখনো কখনো খেলাধুলার নীতিবহির্ভূত ফুটবল শৈলী কেন এত প্রশংসা পাচ্ছিল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তিনি জোর দিয়ে বলেন, ‘তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল এবং এবার রানার্সআপ হয়েছে। কিন্তু অনেকেই তাদের যেভাবে প্রশংসা করছিল, তা আমার মাথায় ঢোকেনি।’

এর বদলে ফেলার যুক্তি দেন যে, জার্মান ফুটবলের উচিত স্পেন ও ইংল্যান্ডের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই বিশ্বকাপে নিজেদের নিজস্ব ফুটবল শৈলী বিসর্জন না দিয়ে কীভাবে সফলভাবে রক্ষণ সামলানো যায়, তা দেখানোর জন্য তিনি এই দুই দেশের প্রশংসা করে বলেন, ‘স্পেন এই ধরনের প্রশংসার যোগ্য, এবং ইংল্যান্ডও খুব চমৎকারভাবে ডিফেন্স করেছে।’

২০২২ কাতার বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা টানা দুই টুর্নামেন্টে ফাইনালে উঠলেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে তাদের এই পারফরম্যান্স খুব একটা প্রশংসা পায়নি। সমালোচকরা দাবি করেন, সংকটময় মুহূর্তগুলোতে তারা কেবল লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করেছিল এবং একটি সংগঠিত দলীয় কাঠামো দেখাতে ব্যর্থ হয়েছিল।

সবচেয়ে বড় কথা, ফাইনালে আর্জেন্টিনা চরম হতাশাজনক পারফরম্যান্স দেখায়। পুরো ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটিও ‘শট অন টার্গেট’ করতে না পারার লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি হয় তারা এবং অতিরিক্ত সময়ে গোল খেয়ে হেরে যায়।

এছাড়া, স্প্যানিশ খেলোয়াড়দের প্রতি সহিংস আচরণ এবং ট্রফি বিতরণী অনুষ্ঠানে প্রতিপক্ষকে সম্মান না জানানোর (পিঠ ফিরিয়ে থাকা) মতো বিষয়গুলো ক্যামেরায় ধরা পড়ায় বহু ফুটবলপ্রেমীর সমালোচনার মুখে পড়ে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি