নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটকের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১ জুন) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রথামিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিস্কৃতদের কোন অপকর্মের দায় দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। তিনি বলেন, কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে বলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কি ধরণের অভিযোগ পেয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছেনা।
এর আগে, বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় খাইরুল ইসলাম সজীবের নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তাকে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যুবদল নেতা সজীবকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।
নিজ বাস ভবন থেকে তাকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে তার নিজ বাসভবন বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তাকে নিয়ে এসেছিলাম। আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে।
ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এগুলো বলা যাচ্ছেনা। তার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। এগুলো যাচাই বাছাই করছি। তার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছে, সুনির্দিষ্ট কারও নাম বলবো না। আমাদের কাছে তার বিরুদ্ধে আনুমানিক ৫-৬টি অভিযোগ করা হয়েছে, এছাড়া ঢাকায় তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তবে সজীবের বিরুদ্ধে তারা অভিযোগ করলেও এখনো মামলা করার জন্য কেউ আসেনি। এছাড়া তার বিরুদ্ধে চলমান কোন মামলা নেই।