নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাককে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রামারবাগ, লামাপাড়া, স্টেডিয়াম এলাকা ও আশপাশে দীর্ঘদিন ধরে রাজ্জাক প্রভাব বিস্তার করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নানা ধরনের অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় আসামি হওয়ার পরও তিনি কৌশলে এলাকায় অবস্থান করে আগের মতোই প্রভাব বিস্তার ও কর্মকাণ্ড চালিয়ে যান। এছাড়া গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অবশেষে শনিবার (২৬ জুলাই) বিকেলে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেফতার করে।
রাজ্জাক গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে বলে একাধিক বাসিন্দা জানিয়েছেন। তারা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম।