নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ ব্যাপারে কথা বলতে তাকে এসপি অফিসে আনা হয়েছে। আমরা তাকে ঢাকায় পেয়েছি এবং আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, সজীবের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যুবদল নেতা সজীবকে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জেলা বিএনপি বা যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।