1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার - Ajker Deshkantho
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নারীর ওপর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়ার টাকার জন্য তিনি প্রায়শই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি নিজের ও তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন।

মামলার এজাহারে তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাধা দিলে সবুজ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং বাপের বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। পরে দুই সন্তানকে নিয়ে তানিয়া তার বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুন সকালে ফোনে আবারও ওই টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং স্ত্রীকে মারধরসহ গলা টিপে হত্যার চেষ্টা করেন।

এ সময় তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সবুজকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে আহত অবস্থায় তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এদিকে, নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে এলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি