নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় প্রায় ৩ বিঘা মূল্যবান জমি নিয়ে বিরোধের ঘটনায় সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ফতুল্লার ভূঁইগড় এলাকার বাসিন্দা কাজী আব্দুস সাত্তার বাদী হয়ে দায়ের করা একটি পিটিশন মামলার (নং-৩০৬/২০২৬) শুনানি শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী বিন কবির এ আদেশ দেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন প্রায় ৯২ দশমিক ৬৬ শতাংশ (প্রায় ৩ বিঘা) জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বাদী কাজী আব্দুস সাত্তার। জমিটির ওপর একটি জামে মসজিদ ও টিনশেড ঘরও রয়েছে। এর আগে ২০২৩ সালের একটি মামলায় আদালত উক্ত জমির বৈধ দখল কাজী আব্দুস সাত্তারের পক্ষে স্বীকৃতি দিয়ে বিবাদীপক্ষকে উচ্ছেদ ও ভবিষ্যতে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় বিবাদী করা হয়েছে সাইনবোর্ড ও শান্তিধারা এলাকার বাসিন্দা মো. জামান, মো. মিজানুর রহমান, বাবু, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, শাহাদাত হোসেন, আবু সাহেদ শিপন, সাইফুল ইসলাম, মো. কাদির, বাহার উদ্দিন, মো. রনি, মো. মোক্তার হোসেন এবং মো. ইউসুফ আলীকে।
বাদীপক্ষের অভিযোগ, গত ২৭ মে বিবাদীরা জমিটি দখলের চেষ্টা চালায়, যা এলাকায় উত্তেজনা ও শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি করে।
গত ২ জুন অনুষ্ঠিত শুনানিতে আদালত নথিপত্র পর্যালোচনা করে বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় কারণ দর্শানোর নোটিশ জারি করেন। একই সঙ্গে আগামী ১৯ আগস্ট আদালতে হাজির হয়ে কেন উক্ত জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, “আমি এই শোকজের বিষয়ে কিছুই জানি না।”
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি বিচারাধীন রয়েছে।