নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গভীর নলকূপের ওপর কর আরোপ ও নিবন্ধন বাধ্যতামূলক করায় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে মাওলানা আবদুল জব্বার বলেন, সিটি কর্পোরেশন বিশুদ্ধ পানি সরবরাহে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় নলকূপের ওপর কর আরোপ ও নিবন্ধন বাধ্যতামূলক করার নৈতিক অধিকার নাসিকের নেই। নগরবাসীর মতের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়াসার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পর সর্বসম্মতিক্রমে নলকূপের ওপর কর আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
মাওলানা আবদুল জব্বার নাসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নলকূপের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান।