এক সময়ের বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু বর্তমানে রয়েছেন কারাগারে। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই থানা এলাকায় একটি নৌ পুলিশ ফাঁড়িতেও হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে শুনানি শেষে আদালত পুলিশের ওই আবেদন নামঞ্জুর করে দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করে দেশ ও দেশের মানুষকে রক্ষার দায়িত্ব নিয়েছে। তখন সেই পুলিশ বাহিনীর থানায় হামলা চালানোর মত ন্যাক্কারজনক কাজে জড়িত ছিলেন বিএনপি নামধারী এই নেতা। এছাড়া সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধীতা করেছেন এই অনু। যেকারণে সবাই তাকে বিএনপি নামধারী নেতা ও দলের সাথে বেঈমানী করা নেতা হিসেবে চিহ্নিত করেছেন। এসব কর্মকান্ডের মধ্য দিয়ে বিএনপি দলটির সম্মান ক্ষুন্ন করেছেন এই নেতা।
গ্রেপ্তার হওয়া জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু বর্তমানে কারাগারে আছেন। তবে বর্তমানে তার কোন পদ পদবি নেই।
আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, আড়াইহাজারে এক নারীর বাড়িঘরে হামলা ও চব্বিশের আন্দোলনের সময় থানা লুটের অভিযোগে দু’টি মামলায় আনোয়ার হোসেনকে গত ১৫ মে গ্রেপ্তার দেখায় পুলিশ। আদালত মামলা দু’টিতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
পরে থানা পুলিশ চব্বিশের আন্দোলনের সময় খাগকান্দা পুলিশ ফাঁড়িতে হামলা ও লুটপাটের মামলাতেও ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন জানালে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন বলেও জানান পুলিশ পরিদর্শক সামাদ।
মামলা তিনটির এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে হামলার মুখে পড়ে আড়াইহাজার থানা। ওই সময় থানায় ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়। পরে ২৩ আগস্ট থানার উপপরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা করে।
একই বছরের ৬ আগস্ট আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করে।
এদিকে, গত ১৩ মে বিকেলে উপজেলার মুকুন্দি এলাকায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলার অভিযোগে একটি মামলা করেন ওই এলাকার বাসিন্দা সীমা আক্তার। ওই মামলায় বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ১৬ জনকে আসামি করা হয়।
এ মামলার পর ১৫ মে ভোররাতে আড়াইহাজারের নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন অনুকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে দু’দিন আগের বাড়িঘরে হামলা ও ২০২৪ সালের আগস্টে থানায় আগুন ও লুটপাটের অভিযোগে মামলায় গ্রেপ্তার দেখায় আড়াইহাজার থানা পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আনোয়ারের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা ছিল। এবং তাকে আড়াইহাজার থানায় হামলার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তাই এই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।”
গ্রেপ্তার আনোয়ার হোসেন অনু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান ছিলেন।