আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কোরবানির পশু পরিবহন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ রায়হান কবির। তিনি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সভায় সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি, যানজট নিরসন, ঘরমুখো মানুষের নিরাপত্তা, কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল এবং পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ঈদের সময় দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঈদকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সকল বিভাগকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।