1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাদকাসক্ত যুবকের বটির কোপে নারী-শিশুসহ আহত ৫ - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

মাদকাসক্ত যুবকের বটির কোপে নারী-শিশুসহ আহত ৫

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গাবতলি এলাকায় মাদকাসক্ত এক যুবকের হামলায় নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ মে) বিকালে পুলিশের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহতরা হলেন হামলাকারী মালেকের ভাবি, দুই ভাতিজি মিম (৫) ও লামিয়া (৮) এবং তাদের রক্ষা করতে এগিয়ে আসা দুই ভাড়াটিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মালেক (২৭) এর সঙ্গে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মালেক ঘরে থাকা ধারালো বটি নিয়ে তার ভাবির ওপর হামলা চালায়। এসময় দুই শিশু ভাতিজি মিম ও লামিয়া এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে পাশের বাসার কয়েকজন ভাড়াটিয়া এগিয়ে এসে মালেককে থামানোর চেষ্টা করেন। কিন্তু তখনও উত্তেজিত অবস্থায় থাকা মালেক তাদের ওপরও হামলা চালায়। এতে আরও দুইজন আহত হন।

হঠাৎ এ হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মালেককে আটক করেন। এসময় ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে প্রায়ই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। বিভিন্ন সময় এলাকায়ও উচ্ছৃঙ্খল আচরণ করায় স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, পারিবারিক কলহের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত মালেককে আটক করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি