নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মো. মোহন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের বড় ভাই ও অভিযুক্ত উজ্জ্বল (৩৪) পালিয়ে গেছে।
শুক্রবার (১৫ মে) সকালে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তার বাবাকে অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করে।
এর ধারাবাহিকতায় আজ সকালে ফের কোনো এক বিষয় নিয়ে মোহন ও উজ্জ্বলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল। মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জ্বল পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহাবুবুর আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।