আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লাঘাট পশুর হাটে ইতোমধ্যেই আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটকে ঘিরে ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকদের মাঝে দেখা গেছে ব্যাপক ব্যস্ততা। হাটের প্যান্ডেল নির্মাণ, বাঁশ বাঁধা, বিদ্যুৎ সংযোগ ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।
শুক্রবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকযোগে গরু আনা শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা। হাটের নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে বাঁশের খুঁটি বসানো হচ্ছে। শ্রমিকরা দিন-রাত কাজ করে পশু রাখার শেড, ক্রেতাদের চলাচলের পথ ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করছেন।
হাট সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর কয়লাঘাট পশুর হাটে বিপুল সংখ্যক গরু, মহিষ ও ছাগল উঠবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বড় আকারের গরু আসার সম্ভাবনা রয়েছে।
একাধিক গরু ব্যবসায়ী জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, হাটে পশুর সংখ্যা তত বাড়বে। তবে এবার পরিবহন খরচ ও পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।
হাটে কাজ করা শ্রমিকরা বলেন, এখনো পুরোপুরি হাট বসেনি, তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েক দিনের মধ্যেই পুরো হাট জমে উঠবে।
ইজারাদার পক্ষের লোকজন জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক টিম রাখা হবে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সৈয়দপুর কয়লাঘাট পশুর হাট নারায়ণগঞ্জের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি বছর এই হাটকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ এবং বাড়ে স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম।