নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আলিফুল ইসলাম নাঈম (৩৭) নামে এক বাইং হাউজ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দাপা ইদ্রাকপুর এলাকায় ফায়ার সার্ভিস গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফুল ইসলাম নাঈম ঝালকাঠি সদর থানার কানাইপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি বর্তমানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালিন্দি এলাকায় মাসুদ হাজীর বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তিনি একটি বাইং হাউজের কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে ভাড়াকৃত মোটরসাইকেল নিয়ে বের হন নাঈম। পরে দুপুর আড়াইটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নাঈমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে নাঈমের মরদেহ শনাক্ত করেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ হাসপাতাল গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের স্ত্রী শেখপুর এলাকার মৃত আমিনুল ইসলামের মেয়ে আমনা আমিন (৩৫) জানান, তার স্বামীর মৃত্যুর ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করেছে