নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউন সহ প্রায় ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কায়েমপুর এলাকার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফেরদাউস নামে এক ব্যবসায়ী জানায়, ছোট একটা গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এই ঘরটি তালাবদ্ধ ছিলো; যার কারণে আগুন নেভানো যায়নি। পরে আগুনটি আশপাশে দোকানে ছড়িয়ে পড়ে। ঝুটের গোডাউন ছিলো ১৫ টি। আমার তিনটি দোকান ছিলো। সবমিলিয়ে প্রায় ২০ টি দোকান ছিলো। প্রত্যেকটি দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিলো।
বাবু নামে একজন নামে বলেন, একটা ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এখানে ২০টি দোকান ছিলো। সবমিলিয়ে প্রায় ২০ কোটি টাকার উপড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আমরা আগুনের খবর পাওয়ার সাথে সাথে প্রথমে নারায়ণগঞ্জ সদর থেকে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর আগুনের ভয়াবহতা দেখে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। চারদিক থেকে চেষ্টা চালিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। পাশের ১০ তলা ভবনের কিছু লোক আটকা থাকা অবস্থা থেকে উদ্ধার করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত কমিটির রিপোর্ট আসার পর বলতে পারবো।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রাথমিকভাবে ঝুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছি। ১০ থেকে ১২ টি দোকান ছিলো। পাশে একটা বড় বিল্ডিং ছিলো। ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো প্রাণহানি কিংবা আহতের খবর পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।