1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফুটপাতে বসলে ছাড় দেওয়া হবে না : টিপুর হুঁশিয়ারি - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ফুটপাতে বসলে ছাড় দেওয়া হবে না : টিপুর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “আমরা সবাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা ফুটপাত হকারমুক্ত করবোই, করবো। রাস্তায়, ফুটপাতে কোনো আনাচে কানাচে হকার বসতে পারবে না। আমরা মানুষকে ফুটপাত দিয়ে চলাফেরা করতে দিতে চাই।”

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে নেমে কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

টিপু বলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। হকাররা যদি আমাদের সিদ্ধান্তে একমত হন, আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই আমরা তাদের পুনর্বাসন করার চিন্তা করবো। আর যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করে, বা অন্য কোনো পথ অবলম্বন করে, কোনো ডান-বামের কথা শুনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে আমরাও তাদেরকে শক্ত হাতে আইনের মাধ্যমে দমন করবো।”

হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের কাছে কয়েক লক্ষ নারায়ণগঞ্জবাসীর স্বার্থ বড়। আপনারা একজন এসেছেন, পরে শালা, বোনের জামাই, ভাতিজা, ভাগিনা সব গ্রামের থেকে নিয়ে এসেছেন। ওই ভাগিনা, ভাতিজা, দুলাভাই-এর জন্য এই রাস্তা দখল হতে দেওয়া যাবে না।”

“জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আবুল কালাম সাহেবকে সংসদে পাঠিয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য। তাদের স্বার্থ যে বাধাগ্রস্ত করবে সে যত বড় আত্মীয়-স্বজন হোক, যত বড় নেতা হোক, যত বড় ত্যাগী নেতা হোক, ডাইন হোক, বাম হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না”, হুঁশিয়ার করেন মহানগর বিএনপির এ নেতা।

তিনি হকারদের সতর্ক করে আরও বলেন, “হকার ভাইদের আহ্বান করবো, আপনারা ভুল পথে ধাবিত হবেন না। আপনারা সহযোগিতা করে নারায়ণগঞ্জবাসীকে ফুটপাত দিয়ে হাঁটতে দিলে আপনাদের পুনর্বাসনের চিন্তা-ভাবনা করবো। আর আপনারা এদিক-সেদিক স্মারকলিপি নামে এদিক-সেদিক করেন, অমুক উপদেষ্টার নামে সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে রাস্তায় বসতে চান তাহলে আপনাদের ছাড় দেওয়া হবে না।”

“আমরা আশা করি, হকার ভাইরা কথাটা বুঝতে ভুল করবেন না। যে কেউ ইন্ধন দিক, কোনো গডফাদার, কোনো গডমাদার, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী যদি আপনাদের ইন্ধন দিয়ে থাকে, আপনারা সে ইন্ধনে পড়বেন না।”

শহরে হকার ও ফুটপাত দখল করে রাখা রেস্তোরাঁর সামগ্রী উচ্ছেদের সময় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী ও উচ্ছেদ কর্মীদের উপর হামলার ঘটনাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, “আমরা শুনেছি কোনো কোনো হকাররা সুগন্ধার সামনে আমাদের ভাই যারা রাস্তায় নিরাপত্তা ও শৃঙ্খলার কাজ করছে তাদের গায়ে হাত তুলেছেন। কে হাত দিয়েছেন? ওই কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনাদের এই সাহস কে দিয়েছে?”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্ঝ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়ন দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশʼ নেতাকর্মী।

উপস্থিত নেতাদের মধ্যে হকার নেতা মিজানুর রহমান সোমবার দুপুরে শহরে হকারদের মিছিল এও নেতৃত্ব দেন। তিনি পুনর্বাসনের দাবিতে হকারদের একজোট করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি