1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা ও গুলিবর্ষণ, আহত ৪ - Ajker Deshkantho
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা ও গুলিবর্ষণ, আহত ৪

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামের আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এরই জেরে রোববার রাতে প্রতিশোধ নিতে শামীমসহ ৪-৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে দোকানে আসে।

এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি গেলে তারা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে অন্যান্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি