নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১১ এবং উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর অপস অফিসার মোঃ রওনক এরফান খান। দুপুরে রূপসী এলাকার দক্ষিণ কাজীপাড়া এলাকায় যৌথভাবে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও বন্ধন ট্রেডিং নামে দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন ব্র্যান্ডের নামে লেবেলিং করে বাজারজাত করছিল। অভিযানের সময় তাদের গুদামে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন গ্যালনে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
এ সময় কৃত্রিম সংকট তৈরি ও ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ জানায়, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল উৎপাদনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।