1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাদক-আধিপত্যের দ্বন্দ্বে ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলি - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

মাদক-আধিপত্যের দ্বন্দ্বে ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গুলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই কিশোর অপরাধী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত তারাব বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

তিনি বলেন, মাদক ব্যবসা ও অপরাধী কার্যক্রমের জন্য অভিযুক্ত শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ এবং নাজমুলের নেতৃত্বে দুই ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা এ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ বয়সী শ্রাবণ তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাব বাজার এলাকার মাদক ব্যবসার একটি অংশ নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্বে ওই এলাকায় ‘কিশোর গ্যাং’ সক্রিয়। গতবছর শ্রাবণ গ্রেপ্তার হলে এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নাজমুল। কয়েকদিন আগে জামিনে শ্রাবণ বেরিয়ে আসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় তারা সংঘর্ষে জড়ায়।

ঘটনার সময় উভয়পক্ষ দেশীয় তৈরি ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হলেও সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেননি স্থানীয় লোকজন।

তবে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, তারা গুলির আলামত এখনো পাননি। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।

“এ ঘটনায় পুলিশের কেউ আহত হননি। দুইপক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত নই,” বলেন ওসি।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শ্রাবণ ও নাজমুলের অনুসারীদের মধ্যে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা স্থানীয়ভাবে ত্রাস সৃষ্টি করে বেড়ান।

ওসি সালাউদ্দিন বলেন, “সংঘর্ষে জড়ানো দুইপক্ষের লোকজনকেই গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান ও চালানো হবে।”

পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারাব বাজার ও আশেপাশের এলাকায় পুলিশ সদস্যরা মোতায়েন আছেন বলে জানান এএসপি মেহেদী ইসলাম। রাতে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি