1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরবর্তী কার্যক্রমের নির্দেশ - Ajker Deshkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরবর্তী কার্যক্রমের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মেট্রোরেল সংযোগ স্থাপনের দাবিতে দেওয়া ডিও (আধা-সরকারি) লেটারের পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে পুনঃসম্পৃক্ত করার আবেদনটি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এমআরটি লাইন প্রকল্পে নারায়ণগঞ্জকে পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়। ২২ জুলাই প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে ডিও লেটার পাঠান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৩০ জুলাইয়ের চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জকে এমআরটি লাইন প্রকল্পের আওতায় পুনঃসম্পৃক্ত করার আবেদনটি বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ করা হলে এ অঞ্চলের দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব শিল্পের সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

এদিকে নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলও দীর্ঘদিন ধরে দ্রুত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে শিল্পাঞ্চল, ব্যবসাকেন্দ্র ও ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করতে মেট্রোরেল সংযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিও লেটারে নারায়ণগঞ্জের মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে ডিও লেটারটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

ফলে নারায়ণগঞ্জকে এমআরটি লাইন প্রকল্পে পুনঃসম্পৃক্ত করার দাবিটি এখন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পরবর্তী বিবেচনা ও কার্যক্রমের পর্যায়ে গেল। এতে দীর্ঘদিনের এ দাবিকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক করা গেলে প্রতিদিন ঢাকামুখী বিপুলসংখ্যক যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীর সময় সাশ্রয় হবে। একই সঙ্গে যানজট ও পরিবেশদূষণ কমানোর ক্ষেত্রেও মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো কীভাবে নারায়ণগঞ্জকে এমআরটি প্রকল্পের সঙ্গে পুনঃসম্পৃক্ত করার বিষয়টি মূল্যায়ন করে এবং পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই তাকিয়ে নারায়ণগঞ্জবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি