1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পঞ্চবটী পর্যন্ত সড়ককে জেলার সবচেয়ে অবহেলিত এবং গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সংযোগকারী সড়ক উল্লেখ করে এর দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি জানিয়েছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাষাঢ়াস্থ বিকেএমইএ ভবনের সভাকক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের মতবিনিময় সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মোহাম্মদ হাতেম বলেন, চাষাঢ়া-পঞ্চবটী সড়ক ফতুল্লা, বিসিক ও কাশিপুর শিল্পাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। মুক্তারপুর-পঞ্চবটী ফ্লাইওভারের কাজ শেষের পথে থাকলেও ওই ফ্লাইওভার দিয়ে এসে শহরে প্রবেশ করতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। তাই দ্রুত এ সড়কের উন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, চাষাঢ়া রেললাইন সংলগ্ন পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো অপসারণ করে রাস্তা সম্প্রসারণ করা উচিত। পাশাপাশি ২০০৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হাজীগঞ্জ-শীতলক্ষ্যা সেতুর কাজ দ্রুত শুরু এবং ফতুল্লা পোস্ট অফিসসংলগ্ন সড়ক সম্প্রসারণ করলে যানজট অনেকটাই কমবে।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, হাসপাতাল এলাকা থেকে হাজীগঞ্জ পর্যন্ত নতুন সড়ক নির্মাণ, চাষাঢ়া রেললাইন উড়ালপথে স্থানান্তর, নারায়ণগঞ্জ রেলস্টেশন আধুনিকায়ন এবং স্টেশনের নিচে হকারদের পুনর্বাসনের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

এ ছাড়া নদীতীর ঘেঁষে চট্টগ্রাম রোড থেকে শীতলক্ষ্যা সেতু পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ, সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজে ছাত্রাবাস নির্মাণ এবং শহীদ জিয়া হলকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে হাতেম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি অথবা টেক্সটাইলভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে সরকারের ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। এ জন্য পাঁচ বিঘা জমি বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি