শহরের মাসদাইরে অবস্থিত শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে আজ ১৬ জুন, ২০২৬ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি নেতা আলহাজ্ব গাজী দুলালের ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মঙ্গলবার শাহীন স্কুলের সকল শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ শাখার নির্বাহী পরিচালক জনাব মোঃ সোহেল রানা।
বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী অঙ্গীকার ‘বৃক্ষরোপণ কর্মসূচি’কে বাস্তবায়ন করতে কয়েক মাস আগে থেকেই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গাজী দুলাল৷ এরই ধারাবাহিকতায় শাহীন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফল, কাঠ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়ার সময় পুরো বিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবার উচ্ছ্বাস দেখে দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবং সর্বোপরি জনগণের কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত এই কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচির উদ্যোক্তা গাজী দুলাল। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ এবং পরিচর্যার সঠিক নিয়মাবলীও তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সোহেল রানা এই কার্যক্রম স্কুল-কলেজ সহ আরও বড় পরিসরে ছড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এখন যেহেতু বর্ষাকাল তাই এখনই বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। তিনি আরও বলেন, গাজী দুলালের মতো উদ্যোক্তারা এগিয়ে গেলে সরকারের এই শুভ উদ্যোগ অবশ্যই সফলতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হবে।