নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শান্তিনগর এলাকার বাসিন্দা ও তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে এলাকায় পুলিশের অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত জুয়েলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে তার আগেই তিনি মারা যান বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।