1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জমি সংক্রান্ত বিরোধে মসজিদের প্রাচীর ভাঙচুর, টাকা লুটপাট - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

জমি সংক্রান্ত বিরোধে মসজিদের প্রাচীর ভাঙচুর, টাকা লুটপাট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকার একটি মসজিদের মোতওয়াল্লী আঃ সাত্তার দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরান (১৮)। এছাড়াও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মসজিদের মোতওয়াল্লী আঃ সাত্তার জানান, মসজিদের পাশেই অভিযুক্তদের বসতি। তারা দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা করে আসছে। মসজিদের অযুখানার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় মুসল্লিদের সহায়তা এবং জেলা প্রশাসকের অনুদানে অযুখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য এলাকাবাসীর কাছ থেকে ৫৪ হাজার টাকা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ৬০ হাজার টাকা অনুদান পাওয়া যায়। ওই টাকায় মসজিদের সামনে সরকারি জমিতে অযুখানার জন্য প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়।

তিনি আরও জানান, এরপর থেকেই অভিযুক্তরা কাজে নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধামকি দিয়ে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হলেও তারা আসেনি। গত মঙ্গলবার (১২ মে) অভিযুক্তরা মসজিদের নবনির্মিত প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের প্রধান ফটক ও ভেতরে থাকা আলমিরার তালা ভেঙে অনুদানের নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি। মসজিদ কমিটির লোকজনকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি