মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পশ্চিম কাজী কসবা এলাকায় বসতবাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে জখম এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রানা (৩৯) মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে পশ্চিম কাজী কসবা এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রানাকে মারধর করেন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা চাপাতি, রড ও চাকু দিয়ে আঘাত করলে তার মাথা, মুখ, বাম চোখ এবং বাম হাতের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার এক পর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রানাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।