ফতুল্লায় কোনো কিছুতেই থামানো যাচ্ছে না সরকারি সম্পদ চুরির মহোৎসব। ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল ওরফে ‘ফেন্সি আরিফ’ ও তার শ্যালক মোহাম্মদ রাজুর নেতৃত্বে আবারো ভূগর্ভস্থ ডেড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর দেওয়ান বাড়ি এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের সরকারি ভূগর্ভস্থ ক্যাবল উত্তোলনের সময় কাশিপুর হাটখোলা যুবদলের একাংশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। তবে উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে ৪ লক্ষ টাকার বিনিময়ে উভয় পক্ষের মধ্যে এক রহস্যজনক সমঝোতা হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এই পুরো সময় ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশের একটি টিম উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে।
পঞ্চবটী থেকে মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ কাজের সুযোগ নিয়ে মাটির নিচের সরকারি তার চুরির সিন্ডিকেট গড়ে তুলেছেন আরিফ মন্ডল। এ পর্যন্ত প্রায় ছয় দফায় কোটি টাকার সরকারি তামার তার উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে এই ক্যাবল চুরির সময় বারবার তিতাস গ্যাসের সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
আরিফ মন্ডলের বিরুদ্ধে মাদক ব্যবসা (ফেনসিডিল), ভূমিদস্যুতা ও ফিটিংবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি তিনি এর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বিদ্রুপ করে বলছেন, “সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল—বাটপাররা এখন চেয়ারম্যান হতে চায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,”দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর বিএনপি আজ এই অবস্থানে। কোনো চোর, বাটপার বা মাদক ব্যবসায়ী দলের নেতৃত্ব দেবে-এটি মেনে নেওয়া যায় না। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু কোন অদৃশ্য শক্তির প্রভাবে বিতর্কিত আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়।”
কাশিপুরের রাজনীতিতে স্বচ্ছ ইমেজ ফিরিয়ে আনতে এবং দলের প্রতি জনমানুষের আস্থা ধরে রাখতে অনতিবিলম্বে এসব বিতর্কিত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।