নারায়ণগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বড় উদ্যোগের অংশ হিসেবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আলহাজ্ব গাজী দুলালের ঘোষণার ধারাবাহিকতায় রবিবার (২৯ মার্চ ২০২৬) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), নারায়ণগঞ্জ সদরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় আলহাজ্ব গাজী দুলাল আগামী পাঁচ বছরে ব্যক্তিগত উদ্যোগে ৩০ হাজার তরুণ-তরুণীকে কারিগরি শিক্ষা প্রদানের পরিকল্পনার কথা জানান। তারই বাস্তবায়নের অংশ হিসেবে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), নারায়ণগঞ্জ সদরের অধ্যক্ষ ও প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় প্রশিক্ষণের বিষয়বস্তু, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণার্থীদের নির্বাচন প্রক্রিয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জিসাস সম্পাদক সেলিম মিয়া মিঠু, মোঃ বায়োজিদ আলম এবং জিলান জান্নাত সুন্নাহসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন।
বৈঠক সূত্রে জানা যায়, উদ্যোগটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জসহ আশেপাশের অঞ্চলের বিপুল সংখ্যক বেকার তরুণ-তরুণী কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবে। এতে করে স্থানীয়ভাবে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু বেকারত্ব কমবে না, বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ পরিকল্পনা সফল করতে সরকারি-বেসরকারি সমন্বয় এবং পর্যাপ্ত তদারকির প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন।