জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। এ কাউন্সিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রশক্তির চার নেতাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম এবং মহানগরের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলের আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নির্বাচিত কাউন্সিলররা অংশ নেবেন।
নারায়ণগঞ্জ থেকে চার নেতার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। কাউন্সিলে তারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রশক্তির প্রতিনিধিত্ব করবেন।
আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই কাউন্সিলের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।