শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেছেন, একজন ভালো ছাত্রই পারে একটি সুন্দর সমাজ, পরিবার ও রাষ্ট্র গড়ে তুলতে। তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘তোমরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবে। একইভাবে পরিবারের বাবা-মাকে সেবা করবে। বাবা-মাকে যারা সেবা ও শ্রদ্ধা করে না, শিক্ষকদের যারা শ্রদ্ধা করে না, তারা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। একজন ভালো ছাত্রই পারে একটি ভালো সমাজ, ভালো পরিবার ও ভালো রাষ্ট্র উপহার দিতে।’
শিক্ষার্থীদের নারায়ণগঞ্জকে আধুনিক, গ্রিন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের এই নারায়ণগঞ্জকে আধুনিক, গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
মাদক ও সন্ত্রাস প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে টিপু বলেন, ‘তোমাদের খেয়াল রাখতে হবে, বাড়ির পাশে কেউ মাদক বিক্রি করে কি না, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে কি না। তোমরা যদি মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে না পারো, তাহলে তাদের নাম-ঠিকানা প্রশাসনের কাছে দেবে।’
তিনি বলেন, ‘আজ আমাদের সন্তান ও ভাইয়েরা মাদকাসক্ত হয়ে পড়েছে। তোমাদের মাদক ও সন্ত্রাসকে না বলতে হবে। তোমরা যখন ছাত্র রাজনীতিতে আসবে, তখন আমাদের মতো বক্তব্য দিতে না পারলে তোমাদেরই খারাপ লাগবে।’
নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে টিপু বলেন, ‘এই নারায়ণগঞ্জকে ১৬ বছর এক গডফাদার পরিবার জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল। তারা ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদাবাজি করত। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তারা পালিয়ে গেছে। আমরা চাই না নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হোক।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের স্কুলের শিক্ষকেরা যেভাবে শিক্ষা দেন, তোমরা সেভাবে শিক্ষা গ্রহণ করবে। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আবেগাপ্লুত। তোমরা একজন যোগ্য সভাপতি পেয়েছ।’