1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরজুড়ে অপরাধের ছায়া - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:

বন্দরজুড়ে অপরাধের ছায়া

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে বন্দর থানার বর্তমান প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, অপরাধ দমনে দৃশ্যমান সফলতা না থাকায় অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। ফলে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকের মতে, দীর্ঘদিন ধরে চলমান নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা প্রত্যাশার তুলনায় দুর্বল।

গত মে মাসে বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে এবং একটি সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।

এ ঘটনাকে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অন্যতম উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, পুলিশের সদস্যরাই যদি সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?

সম্প্রতি মদনগঞ্জ এলাকায় ড্রেজার ব্যবসা ও মাদকবিরোধী অবস্থানের কারণে মাকসুদুর রহমান জুয়েল হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করে। এর রেশ কাটতে না কাটতেই এনায়েতনগরের ভাঙা ব্রিজ এলাকায় মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে হোসিয়ারি শ্রমিক জোবায়েরকে ছুরিকাঘাত করা হয়।

চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে জোবায়েরের মৃত্যু হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করে প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন।

জোবায়ের হত্যার ঘটনায় মামলা দায়ের করতে গিয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযোগ শুধু কোনো একক কর্মকর্তার বিরুদ্ধে নয়, বরং থানার সামগ্রিক তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনাকেও প্রশ্নবিদ্ধ করে। তারা মনে করেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হবে।

বন্দর বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে প্রকাশ্য লুটপাটের ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের দাবি, অপরাধ সংঘটিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হলেও অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

সচেতন মহলের মতে, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বন্দর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অনিয়মকে প্রশাসন প্রশ্রয় দেবে না। জনগণের অভিযোগ ও উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অপরাধের ধারাবাহিকতায় উদ্বিগ্ন বন্দরবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি