নারায়ণগঞ্জ সদর থানার অধীনে একের পর এক অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশংসা কুড়িয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
জানা গেছে, ২৪ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মো. পাভেল (৪২), মো. হাসান (৪১) এবং আব্দুল মান্নান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নতুন জিমখানা এলাকার রাব্বির বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকা- পরিচালনা করত।
ওসি আরও জানান, মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
এছাড়া গত ১ এপ্রিল সন্ধ্যায় শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতাউর রহমান (৩৫) কে ৫২ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আতাউর রহমান নতুন জিমখানা এলাকার অপু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এসআই রমজান ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নতুন জিমখানা এলাকা থেকে ৫২ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আতাউর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদক আইনের মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে একের পর এক অভিযান চালিয়ে মাদক, ছিনতাই, সন্ত্রাসীপনা সহ নানা মামলার আসামিদের গ্রেফতার করে আসছেন পুলিশের দায়িত্বশীলরা। আর তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া ওসির কঠোরতার কারণে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছেন থানায় এসে।