1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিধবার দোকান ভাঙচুর - Ajker Deshkantho
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিধবার দোকান ভাঙচুর

রূপগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম নামের এক বিধবার মালিকানাধীন দোকানে হামলা, ভাঙচুর ও তালা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডহরগাঁও এলাকার বাসিন্দা বিধবা রোকেয়া বেগম (৬৫) দড়িকান্দি মৌজায় তার পৈতৃক ও ভোগদখলীয় জমিতে বসতবাড়ি ও ৭টি দোকানঘর নির্মাণ করে দীর্ঘ ৭০-৮০ বছর ধরে বসবাস ও ভাড়া দিয়ে আসছিলেন। সোমবার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা ওই জমিতে হানা দেয়। তারা ৪টি দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং সবকটি (৭টি) দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ সময় দোকানদাররা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী রোকেয়া বেগম বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি দখল করতে আক্কাস আলীর লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার দোকানগুলো ভেঙে তালা মেরে দিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, ‘বিএনপিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ডহরগাঁও গ্রামের আতাবর (৫৫), আক্কাস আলী (৩০), সিয়াম হোসেন (২২), আলী মোল্লা (৩৬), বাচ্চু মিয়া (৪৫), হোসাইন (১৯), আসিফ হোসেনসহ (২০) অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বিধবার দোকানে হামলা ও তালা দেওয়ার অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি