নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা হয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের কাজ ধীরগতিতে চলমান থাকায় এটি দ্রুত শেষ করা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তবে প্রশ্ন করার সেই অংশের এক পর্যায়ে এই সংসদ সদস্যের দেওয়া বক্তব্যের উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ট্রল করেছেন নেটিজেন সহ বিভিন্ন রাজনীতিবিদরা। এছাড়া এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই সাংসদের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, এই সংসদ সদস্য মান্নান এ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রশ্ন করেন।
প্রশ্নে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত এ সড়কের কাজ সম্পন্ন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা তা জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী জানান, সোনারগাঁও ও রূপগঞ্জ হয়ে যে এশিয়ান হাইওয়ে সড়কটি নির্মাণাধীন রয়েছে, সেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাভুক্ত নয়।
তবে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার প্রশ্নের শেষ অংশে উপস্থাপন করা শব্দটি উচ্চারণ করতে গিয়ে বেশ অগোছালোভাবে শব্দটি উচ্চারণ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তার সেই বক্তব্যটি প্রকাশ করেছে। তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে নেটিজেন সহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা এ নিয়ে রীতিমত ট্রল করেছেন। কেউ কেউ মজা করে নানা টিপ্পনি কেটেছেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতা নিরব রায়হান তার ফেসবুকে লিখেন, ‘উস্তাইলেন’ মানে হচ্ছে সংসদে উপস্থাপন করলেন। এটুকু তো বুঝে নিতেই হয়!
নেটিজেনরা বলছেন, একজন সংসদ সদস্যের উচ্চারণের দিকে আরও যতœশীল হওয়া উচিত। বিশেষ করে জাতীয় সংসদের মত স্থানে বক্তব্য দিতে গেলে সে দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। কিন্তু এই সাংসদের ক্ষেত্রে তার ছিটে ফোটাও দেখা যায়নি।