1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবাই ফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, স্বর্ণ ও নগদ টাকা লুট এবং মুক্তিপণ দাবির ঘটনায় আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে ‘কারণ দর্শানোর নোটিশ’ (শোকজ) জারি করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফতুল্লা আমলী আদালত) আদালতের ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। মামলাটির সি.আর নম্বর- ৯৯৫/২৬।

মামলার আরজি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার সাহিদা বেগমের ছেলে বাবু (২৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। গত ১৪ মে রাতে দুবাই থেকে দেশে ফেরার পর রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, গোগনগর এলাকার লাল চানের ছেলে সাদ্দাম হোসেন, আকরাম প্রধানসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন অস্ত্রের মুখে বাবুকে অপহরণ করে একটি আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে তার কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। পরে তাকে মুক্তি দিতে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রোববার দুপুর ১২টার দিকে আদালত ফতুল্লা মডেল থানার ওসিকে নির্দেশ দেন ভিকটিম বাবুকে আদৌ অপহরণ করা হয়েছে কি না, সে বিষয়ে তিন ঘণ্টার মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও ওসির পক্ষ থেকে আদালতে কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এমনকি তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে কিছু জানানো হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন আদালত।

ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম তাঁর লিখিত আদেশে উল্লেখ করেন, “কেন ০৩ (তিন) ঘণ্টার মধ্যে ভিকটিম বাবুর অপহরণ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দাখিল করা হয় নাই, তৎমর্মে কারণ দর্শানোর জন্য অফিসার ইনচার্জ (ওসি), ফতুল্লা থানা-নারায়ণগঞ্জকে নির্দেশ প্রদান করা হলো।”

এদিকে আদালতের কঠোর অবস্থানের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত প্রবাসী বাবুকে উদ্ধার করে। তবে আদালতের নির্দেশ অমান্য এবং গুরুতর অপরাধের ঘটনায় পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আদালত একই সঙ্গে অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, আজ দুপুর ১২টার দিকে বিজ্ঞ আদালত একটি সুনির্দিষ্ট আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছিল, ভিকটিম বাবুর অপহরণের ঘটনার বিষয়ে আগামী ৩ ঘণ্টার মধ্যে ফতুল্লা থানার অফিসার ইনচার্জকে একটি প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। তবে আদালতের আদেশের কপিটি দুপুরের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছায়নি। বিকেল ৪টার পর মামলার বাদী স্বশরীরে আদালতের সেই আদেশের কপিটি নিয়ে থানায় আসেন। আদালতের নির্দেশনা পাওয়ার পর আমরা এক মুহূর্তও সময় নষ্ট করিনি। আদেশের কপি হাতে পাওয়া মাত্রই আমি তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দনকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠাই। অত্যন্ত দ্রুততা ও সতর্কতার সাথে অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

অপহরণের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিজ্ঞ আদালতের মূল নির্দেশনা ও অগ্রাধিকার ছিল ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা এবং সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা। আদালত থেকে আমাদের যেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা অক্ষরে অক্ষরে ঠিক সেটুকুই পালন করেছি। আদেশে ভিকটিমকে উদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছিল, কাউকে গ্রেপ্তার করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা সেখানে ছিল না। তাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে উদ্ধার করা, যা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী আসামিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি