1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চাঁদাবাজিতে মুক্ত হয় না মীর জুমলা সড়ক - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল আট নারায়নগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা: আহবায়ক বাঁধন, সদস্য সচিব ইমন ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার চাঁদাবাজি ও ঝুঁট সন্ত্রাসের সমালোচনা করলেই বিএনপির নেতাদের গায়ে লাগে: এমপি আল আমিন ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস

চাঁদাবাজিতে মুক্ত হয় না মীর জুমলা সড়ক

শহর প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সরকার আসে সরকার যায় কিন্তু শহরের দরকারি একটি সড়ক মীর জুমলা সড়ককে মুক্ত রাখা সম্ভব হয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এর আগেও এ সড়কটিতে বেশ কয়েকবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অভিযানে সড়কটি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু চাঁদাবাজ চক্রের কারণে কয়েকদিন পরেই সড়কটি দখলে চলে যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা সড়কটি দখল করেই সেখানে তাদের বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।

এতে এ সড়কটির আশেপাশে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর থাকলেও এই সড়ক দিয়ে তারা চলাচল করতে পারেন না। এমনকি শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজারেও ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। অবৈধ দখল, প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে এ সড়কটিতে পায়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হয় বলে জানান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ডা. সেলিনা হায়াৎ আইভী একাধিকবার মীর জুমলা সড়কটি নিয়ে কথা বলেছেন। এটি সবজি ও খাদ্যপণ্য বিক্রেতাদের দখলমুক্ত করতে উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে তিনি ব্যর্থ হন।

২০১৯ সালে এ সড়কটিকে দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করেন তৎকালীন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। কিন্তু কয়েকদিন পর আবারও সড়কটি দখলে চলে যায়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এ সড়কটি নিয়ে আবারও আলোচনা তৈরি হয়। কিন্তু সড়কটিকে দখলমুক্ত করা যায়নি।

শহরের মধ্যে বাইপাস হিসেবে ব্যবহার করার মতো গুরুত্বপূর্ণ একটি সড়ক থাকা সত্ত্বেও তা দিয়ে যান চলাচল করতে না পারায় তা শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের উপর চাপ বাড়ায় বলেও মনে করেন স্থানীয় সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশজুড়ে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান, কাঁচাবাজার ও ভাসমান ব্যবসা। এতে করে সড়কটি কার্যত একটি অনিয়ন্ত্রিত বাজারে পরিণত হয়েছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল।

স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি দিয়ে চলাচল করা এখন দুঃসহ হয়ে উঠেছে। প্রতিদিনই সময় নষ্ট হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়কটির কারণে শহরের প্রধান সড়কেও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা বলেন, সড়কটি দখলমুক্ত করতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বিগত সময় সিটি করপোরেশনের মেয়রের আমলেও একাধিক বার উচ্ছেদ অভিযান হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর জেলা প্রশাসনের নেতৃত্বে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং সর্বশেষ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এসব অভিযানের সুফল দীর্ঘস্থায়ী হয়নি।

অভিযোগ রয়েছে, সড়ক দখলকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হয় এবং মাসে লাখ লাখ টাকা লেনদেন হয় বলে স্থানীয়রা জানান।

বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি শহরে বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করলেও মীর জুমলা সড়কের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করতে পারেনি।

সচেতন মহলের মতে, শুধু উচ্ছেদ অভিযান নয়, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এই সড়ক দখলমুক্ত রাখা সম্ভব।

যদিও একাধিকবার সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান ঘোষণা দিয়েছেন, একে একে শহরের সবগুলো সড়ক ও ফুটপাত দখলমুক্তে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে নগর কর্তৃপক্ষ। সরকারের উচ্চ পর্যায় থেকেও এমন নির্দেশনা রয়েছে।

ইতোমধ্যে নাসিক শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত রাখার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে বাকি সড়কগুলোও যানবাহন ও সাধারণ পথচারীদের জন্য চলাচলে উন্মুক্ত করা হবে আশ্বাস দিয়েছেন সিটি প্রশাসক।

অবশ্যই প্রথম পাতায় যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি