বর্ষা মৌসুমকে সামনে রেখে নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মশক নিধন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সিটি করপোরেশন জানায়, বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বৃদ্ধি পায়। ফলে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ে। এ পরিস্থিতিতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা।
নাসিকের মশক নিধন টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো, লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কুতুবুল নূর আলম জানান, জানান, বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত বালতি, টায়ার, জার কিংবা যেসব পাত্রে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়া ফ্রিজের নিচে জমে থাকা পানি, এসির ট্রে এবং টয়লেটের কমোড বা অন্যান্য স্থানে জমে থাকা পানিও নিয়মিত অপসারণ করা প্রয়োজন।