শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে একগুচ্ছ ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টা থেকে জেলা পরিষদের উদ্যোগে এই বহুমাত্রিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বুধবার (৩ জুন) জেলা পরিষদ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতীয় পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং কর্মমুখী দর্শন আজও জাতিকে প্রেরণা জোগায়। তাঁর গৌরবোজ্জ্বল কর্মময় জীবন, আদর্শ ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন তুলে ধরতে এই আয়োজনে বেশ কিছু জনকল্যাণমুখী ও সৃজনশীল কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ মেলা ও বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, জনসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সামাজিক আয়োজন।
জেলা পরিষদ নারায়ণগঞ্জ মনে করে, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশই একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ব্যতিক্রমী প্রয়াস।
এই বহুমাত্রিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।