বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বাংলা ট্রিবিউন কে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন শুনানির সময় আইভী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় আইভীকে আসামি করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই সাথে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। এরপর গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে উচ্চ আদালত থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় জামিন পান।
মামলাগুলো হলো-ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ। এখন পর্যন্ত ১১টি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে।